Engage Bangladesh

Asia Cup 3 নেইমারের ইনজুরির পিছু ছাড়ছে না, বিশ্বকাপে খেলতে কোচের শর্ত

 ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার জুনিয়রের পিছু ছাড়ছে না ইনজুরি। ২০২৩ সালের অক্টোবর থেকে বাঁ হাঁটুর লিগামেন্ট (এসিএল) ও মেনিসকাস ছিঁড়ে যাওয়ার কারণে জাতীয় দলের বাইরে রয়েছেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার। সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচ দিয়ে মাঠে ফেরার কথা থাকলেও, শেষ মুহূর্তে নতুন চোটের কারণে তাকে বাদ দেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। তবে, ২০২৬ বিশ্বকাপে নেইমারের জন্য সুযোগ রেখেছেন তিনি, কিন্তু জুড়ে দিয়েছেন একটি শর্ত।

আনচেলত্তির শর্ত অনুযায়ী, যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য ২০২৬ বিশ্বকাপের আগে নেইমারকে প্রমাণ করতে হবে যে তিনি পুরোপুরি ফিট। এই শর্ত পূরণ করতে পারলেই বিশ্বকাপ দলে জায়গা পাবেন তিনি। কোচ বলেন, “নেইমার কেমন খেলে, সেটা দেখার কিছু নেই। সবাই তার প্রতিভা সম্পর্কে জানে। বর্তমান সময়ে প্রতিভার সঠিক ব্যবহার করতে হলে খেলোয়াড়কে ফিট থাকতে হয়। যদি নেইমার সেরা অবস্থায় থাকে, তবে জাতীয় দলে তার কোনো সমস্যা হবে না। সবাই চায় নেইমার যেন ভালো শারীরিক অবস্থায় জাতীয় দলে থাকে।”

নেইমার ফিট থাকলে তাকে আক্রমণাত্মক মিডফিল্ডার বা স্ট্রাইকার হিসেবে খেলানোর পরিকল্পনা রয়েছে আনচেলত্তির। তিনি বলেন, “আমি নেইমারের সঙ্গে কথা বলেছি। তাকে আমি আক্রমণাত্মক মিডফিল্ডার বা স্ট্রাইকার হিসেবে বেছে নেবো। আধুনিক ফুটবলে ফরোয়ার্ডদের শারীরিক সক্ষমতা দরকার। তবে আক্রমণাত্মক মিডফিল্ডার হিসেবে তার কোনো সমস্যা নেই।”

বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ম্যাচে হেরে পঞ্চম স্থানে থেকে বাছাইপর্ব শেষ করেছে ব্রাজিল। তবে, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন এই দলটি ইতোমধ্যেই ২০২৬ বিশ্বকাপে নিজেদের জায়গা নিশ্চিত করেছে। নেইমারের ফিটনেস এখন তার ভক্ত এবং ব্রাজিল দলের জন্য সবচেয়ে বড় প্রশ্ন।