Engage Bangladesh

মেসির শেষ ম্যাচ: আর্জেন্টিনার মাটিতে আবেগময় বিদায়ের সম্ভাবনা

ফুটবল কিংবদন্তি লিওনেল মেসির ক্যারিয়ার এখন গোধূলিলগ্নে। বাংলাদেশ সময় আগামীকাল ভোরে ভেনেজুয়েলার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে মাঠে নামছে আর্জেন্টিনা। বুয়েনস এইরেসের এস্তাদিও মনুমেন্তালে অনুষ্ঠিতব্য এই ম্যাচটি জাতীয় দলের হয়ে দেশের মাটিতে বিশ্বকাপ বাছাইয়ে মেসির শেষ ম্যাচ। এটি আর্জেন্টিনার জার্সিতে তাঁর দেশের মাটিতে শেষ ম্যাচও হতে পারে। এই সম্ভাবনা আর্জেন্টাইন সমর্থকদের মনে আবেগের জোয়ার সৃষ্টি করেছে। বিশ্বকাপজয়ী এই অধিনায়ককে নিয়ে কথা বলতে গিয়ে অনেকের চোখ ভিজে উঠছে।

আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিও এই আবেগের অংশ। গত রাতে ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে তিনি আবেগঘন কণ্ঠে বলেন, “মেসির মতো কাউকে কখনো পাওয়া সম্ভব নয়।” মেসির সঙ্গে একসময় সতীর্থ হিসেবে খেলা স্কালোনি স্মৃতিচারণ করতে গিয়ে কেঁদে ফেলেন। তিনি বলেন, “ওর সঙ্গে খেলা, শুধু বলটা ওকে পাস দেওয়াটাই আমার কাছে বিশেষ ছিল। বিশ্বকাপে ওর সঙ্গে থাকা আর ওকে ট্রফি উঁচিয়ে ধরতে দেখা সত্যিই হৃদয়স্পর্শী। আগামীকাল একটি সুন্দর ও আবেগময় দিন হবে। তবে আমি আশা করি, এটি আর্জেন্টিনায় ওর শেষ ম্যাচ হবে না। আমরা চাই ও চাইলে আরেকটি ম্যাচ খেলুক, কারণ এটা ওর প্রাপ্য।”

সংবাদ সম্মেলনে এক সাংবাদিকও আবেগাপ্লুত হয়ে পড়েন। পরিস্থিতি হালকা করতে স্কালোনি মজা করে বলেন, “আপনি কি কাঁদছেন? এটা তো আমার উদ্দেশ্য ছিল না।” জবাবে সাংবাদিক বলেন, “আপনি আমাকে জীবনের সবচেয়ে বড় আনন্দ উপহার দিয়েছেন।” এ কথায় স্কালোনির চোখও ভিজে যায়। তিনি বোঝানোর চেষ্টা করেন, মেসি তাঁর জীবনে ও কোচিং ক্যারিয়ারে কতটা গুরুত্বপূর্ণ।

২০২৬ বিশ্বকাপের সময় মেসির বয়স ৩৯ পেরিয়ে যাবে। এরপর তিনি আর্জেন্টিনার জার্সি তুলে রাখতে পারেন বলে ইঙ্গিত পাওয়া গেছে। মেসির মতো আর কাউকে পাওয়া যাবে কি? স্কালোনির উত্তর, “আর্জেন্টিনা বা বিশ্ব ফুটবলে মেসির উত্তরাধিকারী? না, এমন কেউ হবে না। হয়তো কয়েকজন দুর্দান্ত খেলোয়াড় আসবে, যারা একটি যুগকে সংজ্ঞায়িত করবে। কিন্তু এত দিন ধরে মেসি যা করেছে, তা অতুলনীয়। আমি প্রায় নিশ্চিত, ওর মতো কাউকে আর দেখা যাবে না।”

২০ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে মেসি আর্জেন্টিনার হয়ে ১৯৩ ম্যাচে ১১২ গোল করেছেন। তিনি জিতেছেন চারটি ট্রফি—২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা এবং ২০২২ বিশ্বকাপ। এই অর্জন তাঁকে ফুটবলের অমরত্বের স্বাদ দিয়েছে।