বিশ্বকাপ বাছাইপর্বে মেসিকে ছাড়িয়ে এগিয়ে গেলেন রোনালদো
দুই দশকেরও বেশি সময় ধরে ফুটবলে আধিপত্য বিস্তার করে আসছেন ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। একে অপরকে ছাড়িয়ে নতুন নতুন মাইলফলক গড়ে চলেছেন তারা। এবার বিশ্বকাপ বাছাইপর্বে গোলের তালিকায় মেসিকে পেছনে ফেলে এগিয়ে গেলেন রোনালদো।
শনিবার (৬ সেপ্টেম্বর ২০২৫) আর্মেনিয়ার বিপক্ষে গ্রুপ ‘এফ’-এর প্রথম ম্যাচে জোড়া গোল করেন রোনালদো। তার দুই গোলের সুবাদে পর্তুগাল ৫-০ ব্যবধানে সহজ জয় পায়। এর ফলে বিশ্বকাপ বাছাইপর্বে রোনালদোর ব্যক্তিগত গোলের সংখ্যা দাঁড়িয়েছে ৩৮-এ। অন্যদিকে, লিওনেল মেসির গোলসংখ্যা থেমে আছে ৩৬-এ। মেসি তার শেষ বিশ্বকাপ বাছাই ম্যাচ খেলে ফেলেছেন, তাই তার এই সংখ্যা আর বাড়ার সম্ভাবনা নেই।
রোনালদোর সামনে এখন আরেকটি ইতিহাস গড়ার সুযোগ। গুয়াতেমালার কার্লোস রুইজের দখলে রয়েছে বিশ্বকাপ বাছাইপর্বে সর্বোচ্চ গোলের রেকর্ড, যিনি ৩৯ গোল নিয়ে শীর্ষে অবস্থান করছেন। রোনালদো যদি আরও একটি গোল করতে পারেন, তবে এই রেকর্ডে ভাগ বসাবেন। আর দুই গোল করলে তিনি একাই হয়ে যাবেন বিশ্বকাপ বাছাইপর্বের সর্বোচ্চ গোলদাতা।
আগামী মঙ্গলবার (৯ সেপ্টেম্বর ২০২৫) হাঙ্গেরির বিপক্ষে মাঠে নামবে পর্তুগাল। সেই ম্যাচে রোনালদো রেকর্ড গড়ার সুযোগ পেতে পারেন। এমনকি যদি তিনি এই ম্যাচে রেকর্ড গড়তে না পারেন, তবুও তার সামনে আরও অন্তত চারটি ম্যাচ রয়েছে এই বাছাইপর্বে।
আর্মেনিয়ার বিপক্ষে জোড়া গোলের মাধ্যমে রোনালদোর ক্যারিয়ারের মোট গোলসংখ্যা এখন ৯৪২। এই সংখ্যা জাতীয় দল ও ক্লাব মিলিয়ে। ৪০ বছর বয়সেও তিনি বিশ্বের সর্বোচ্চ গোলদাতা হিসেবে নিজেকে প্রমাণ করে চলেছেন। তার পরবর্তী লক্ষ্য এখন ১ হাজার গোলের মাইলফলক ছোঁয়া।