এশিয়া কাপের আগে শারজাহতে পাকিস্তানকে ১৮ রানে হারালো আফগানিস্তান
এশিয়া কাপের দুয়ারে কড়া নাড়ার আগে শারজাহতে ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানের জন্য যেন অশনিসংকেত হয়ে এলো আফগানিস্তানের কাছে ১৮ রানের হার। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) টসে জিতে প্রথমে ব্যাট করে আফগানিস্তান ৫ উইকেটে ১৬৯ রানের সংগ্রহ গড়ে। ইব্রাহিম জাদরানের ৪৫ বলে ৬৫ রান এবং সেদিকুল্লাহ আতালের ঝোড়ো ৬৪ রানের ইনিংস আফগানদের ইনিংসকে শক্তিশালী করে। পাকিস্তানের পেসার ফাহিম আশরাফ তার ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৪ উইকেট নেন ২৭ রানে, তবে তিনি আফগান ব্যাটারদের তেমন আটকে রাখতে পারেননি।
জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান বড় জুটি গড়তে ব্যর্থ হয়। নিজের শততম টি-টোয়েন্টি ম্যাচে ফখর জামান ১৮ বলে ২৫ রান করে মোহাম্মদ নবির শিকার হন। নবি এদিন আরও এক উইকেট নেন, মোহাম্মদ হারিসকে আউট করে। তিনি ৪ ওভারে ২০ রান দিয়ে ২ উইকেট শিকার করেন। পাকিস্তানের ইনিংসের শেষ দিকে হারিস রউফ ১৬ বলে অপরাজিত ৩৪ রান করেন, যার মধ্যে ছিল চারটি ছক্কা। তবে তাতেও দলকে জয়ের বন্দরে পৌঁছাতে পারেননি তিনি। পাকিস্তান ৯ উইকেটে ১৫১ রানে থামে।
আফগানিস্তানের হয়ে রশিদ খান, ফজলহক ফারুকি এবং নূর আহমদ প্রত্যেকে দুটি করে উইকেট নেন। তাদের দুর্দান্ত বোলিং পারফরম্যান্স পাকিস্তানকে ম্যাচ থেকে ছিটকে দেয়।
ম্যাচের আগে আফগানিস্তান ও পাকিস্তানের খেলোয়াড়রা মাঠে দাঁড়িয়ে নীরবতা পালন করেন। আফগানিস্তানের ভূমিকম্প এবং পাকিস্তানের ভয়াবহ বন্যায় নিহতদের স্মরণে এই মুহূর্তটি পালিত হয়।
এই হার সত্ত্বেও ত্রিদেশীয় সিরিজে দুই-তৃতীয়াংশ খেলা শেষে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তান। দ্বিতীয় স্থানে আফগানিস্তান। বুধবার বিশ্রামের পর বৃহস্পতিবার পাকিস্তান মুখোমুখি হবে এখনো জয়ের দেখা না পাওয়া সংযুক্ত আরব আমিরাতের। ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ৭ সেপ্টেম্বর।