ENG.BD

সুপার ফোরে বাংলাদেশকে দেখছেন না রাসেল আর্নল্ড


এশিয়া কাপের আসর শুরু হতে আর মাত্র কয়েক দিন বাকি। মহাদেশীয় এই লড়াইকে ঘিরে চলছে বিশ্লেষণ। অংশগ্রহণকারী দলগুলোর শক্তি–দুর্বলতা নিয়ে খোলামেলা মত দিয়েছেন শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার ও জনপ্রিয় ধারাভাষ্যকার রাসেল আর্নল্ড।

তার মতে, বাংলাদেশ সম্ভাবনাময় দল হলেও এবারের এশিয়া কাপে সুপার ফোরে জায়গা পাবে না লিটন দাসরা।

বাংলাদেশ খেলবে ‘বি’ গ্রুপে, যেখানে প্রতিপক্ষ হিসেবে আছে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। এই গ্রুপ নিয়েই শঙ্কা প্রকাশ করেছেন আর্নল্ড। তিনি বলেন, ‘এটা খুবই কঠিন গ্রুপ, যাকে হালকাভাবে নেওয়া যাবে না। আফগানিস্তান প্রতিনিয়ত উন্নতি করছে। তাদের বোলিং সবসময়ই শক্তিশালী ছিল। এখন ব্যাটিংয়েও তারা শক্তিশালী হয়ে উঠেছে। পাওয়ার হিটিংয়ের পাশাপাশি ইনিংস গড়ার মতো ব্যাটারও আছে তাদের দলে। ফলে তাদের উপরে আলাদা করে নজর রাখতে হবে।’

বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্সের প্রশংসাও করেছেন তিনি। বিশেষ করে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়কে তিনি স্মরণ করেছেন। আর্নল্ড বলেন, ‘বাংলাদেশ যেকোনো সময় বড় হুমকি হয়ে উঠতে পারে। সম্প্রতি শ্রীলঙ্কা ২-১ ব্যবধানে সিরিজ হেরেছে তাদের কাছে। তাই এই গ্রুপে শ্রীলঙ্কার কাজটা সহজ হবে না।’

তবুও সবকিছু বিবেচনা করেও তিনি বাংলাদেশকে সুপার ফোরে দেখছেন না। তার ভাষায়, ‘আমার মনে হয় শ্রীলঙ্কা আরও ভালো ক্রিকেট খেলবে। দলের সবাই নিজের দায়িত্ব ও লক্ষ্য সম্পর্কে সচেতন। তাই আমি শ্রীলঙ্কা ও আফগানিস্তানকেই সুপার ফোরে উঠতে দেখছি।’

বাংলাদেশকে হুমকি হিসেবে স্বীকার করলেও সুপার ফোরের দৌড়ে বাদ দেওয়া—রাসেল আর্নল্ডের এই মন্তব্য যেন টাইগারদের সামনে নতুন চ্যালেঞ্জ ছুড়ে দিল। এখন দেখা যাক, লিটন-তাসকিনরা মাঠে তার এই ভবিষ্যদ্বাণী উল্টে দিতে পারেন কি না।