Engage Bangladesh

ডারউইনে সাউথ অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ও ১২ রানে হারল বাংলাদেশ ‘এ’ দল

 অস্ট্রেলিয়া সফরে একমাত্র চারদিনের ম্যাচে শেফিল্ড শিল্ড চ্যাম্পিয়ন সাউথ অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ও ১২ রানে পরাজিত হয়েছে বাংলাদেশ ‘এ’ দল। ডারউইনে শনিবার (৩০ আগস্ট) ম্যাচের তৃতীয় দিনে বাংলাদেশ ‘এ’ দলের দ্বিতীয় ইনিংস শেষ হয় ২৫৪ রানে। প্রথম ইনিংসে মাত্র ১১৪ রানে অলআউট হওয়া সফরকারীরা দ্বিতীয় ইনিংসেও ঘুরে দাঁড়াতে পারেনি। সাউথ অস্ট্রেলিয়া তাদের একমাত্র ইনিংসে ৩৮০ রান সংগ্রহ করে।

প্রথম ইনিংসের ব্যর্থতার পর দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়ানোর সুযোগ ছিল ছয় টেস্ট ক্রিকেটার সমৃদ্ধ বাংলাদেশ ‘এ’ দলের। কিন্তু তারা সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়। আগের দিন বাজে শুরুর পর লড়াই করেছিলেন শাহাদাত হোসেন, যিনি ৪৯ রান করে আউট হন। তার সঙ্গী ইয়াসির আলী করেন ৩৬ রান। অধিনায়ক মাহিদুল ইসলাম ৩২ এবং নাঈম হাসান ২৫ রান করে উইকেটে থিতু হলেও বড় রান করতে পারেননি। শেষ উইকেটে হাসান মাহমুদ ও মুরাদ হোসেনের ৪৮ রানের জুটি হারের ব্যবধান কিছুটা কমিয়েছে।

বাংলাদেশ ‘এ’ দলের এবারের অস্ট্রেলিয়া সফর চরম হতাশায় শেষ হলো। চারদিনের ম্যাচের আগে টপ এন্ড টি-২০ সিরিজে ১১ দলের মধ্যে তারা নবম স্থানে থেকে প্রতিযোগিতা শেষ করে।