ENG.BD

বিসিবির জরুরি সভা: বিপিএল ম্যানেজমেন্ট ও দুদক রিপোর্ট নিয়ে আলোচনা

 বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন। এদিকে, আজ (৯ আগস্ট) বেলা ৩টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির জরুরি সভা অনুষ্ঠিত হবে। আমিনুল এই সভায় জুমের মাধ্যমে অংশ নেবেন। সভার প্রধান এজেন্ডাগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান নির্বাচন, ঘরোয়া ক্রিকেটের বিভিন্ন বিষয়, নতুন কিউরেটর টনি হেমিং ও গামিনির কার্যক্রম নিয়ে সিদ্ধান্ত এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রতিবেদন নিয়ে আলোচনা।

বিপিএল আয়োজনের জন্য পাঁচটি ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ আগ্রহ প্রকাশ করেছে। এর মধ্যে চারটি বিদেশি প্রতিষ্ঠান—অ্যাপেক্স স্পোর্টস কনসাল্টিং, আইএমজি, রিয়েল ইম্প্যাক্ট অ্যান্ড অ্যাবসলুট লিজেন্ডস স্পোর্টস, দ্য আইপিজি গ্রুপ এবং মাইন্ড ট্রি লিমিটেড। একমাত্র দেশি কোম্পানি হিসেবে ট্রান্সপোর্ট গ্রুপ বিপিএলে অংশ নিতে আগ্রহী। এ বিষয়ে অনেকে তদবির করছেন, এবং আজকের সভায় এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

বিপিএল গভর্নিং কাউন্সিলের সভাপতি মাহবুবুল আনাম বলেন, “আমরা সভায় এ বিষয়ে আলোচনা করব। যোগ্য প্রতিষ্ঠানকে বেছে নেওয়া হবে।”

বিসিবি বর্তমানে মাত্র ১০ জন পরিচালক নিয়ে পরিচালিত হচ্ছে। এর মধ্যে পরিচালক ফাহিম সিনহা বিদেশে অবস্থান করছেন এবং তিনিও অনলাইনে সভায় যোগ দেবেন। সভায় জাতীয় দল ও ঘরোয়া ক্রিকেটের বিভিন্ন ইস্যু, বিশেষ করে আসন্ন মৌসুমের টুর্নামেন্ট সূচি ও প্রস্তুতি নিয়ে আলোচনা হবে। এছাড়া, সাবেক সভাপতি ফারুক আহমেদের আড়াইশ কোটি টাকার এফডিআর অন্য ব্যাংকে সরানো নিয়ে দুদকের তদন্তে তার স্বার্থসংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়নি। তবে ঘরোয়া ক্রিকেটের ক্লাব ও অন্যান্য বিষয়ে দুদকের প্রতিবেদন নিয়ে সভায় আলোচনা হবে।

বিসিবির পরিচালক এবং মিডিয়া কমিটি ও আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ বলেন, “দুদকের রিপোর্ট, বিপিএল এবং ঘরোয়া ক্রিকেট নিয়ে বিস্তারিত আলোচনা হবে।”