Engage Bangladesh

রোহিত শর্মার টেস্ট ক্রিকেট থেকে অবসর: শারীরিক ও মানসিক চাপই কারণ

 ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রোহিত শর্মা ইংল্যান্ড সফরের আগে হঠাৎ টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি সংক্ষিপ্ত বার্তায় তিনি এই সিদ্ধান্ত জানান, তবে এ নিয়ে আর কোনো মন্তব্য করেননি। অবশেষে গত সোমবার (২৫ আগস্ট) একটি অনুষ্ঠানে হাজির হয়ে অবসরের কারণ সম্পর্কে মুখ খুলেছেন তিনি।

সরাসরি না বললেও রোহিত ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন, টেস্ট ফরম্যাটের শারীরিক ও মানসিক চাপ আর নিতে না পারায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, “টেস্ট ফরম্যাটের জন্য আলাদা করে প্রস্তুতি নিতে হয়। কারণ খেলাটা দীর্ঘমেয়াদি। টেস্টে আপনাকে পাঁচ দিন টিকে থাকতেই হবে। মানসিকভাবে সেটা খুব চাপের। শরীর বিধ্বস্ত হয়ে পড়ে। তবে এটাও ঠিক, প্রথম শ্রেণির ক্রিকেট খেলেই সবাই বড় হয়।”

আক্ষেপের সুরে রোহিত জানান, ভারতের তরুণ ক্রিকেটাররা প্রস্তুতির ওপর যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন না। তবে একসময় তারা বুঝতে পারেন যে আগে থেকে নিজেকে তৈরি করা প্রয়োজন ছিল। এ প্রসঙ্গে তিনি বলেন, “আমি ক্রিকেট শুরু করার সময় খুব মজা করতাম। তারপর বয়সভিত্তিক ক্রিকেট খেলেছি। ধীরে ধীরে সিনিয়র ক্রিকেটার এবং কোচেদের মুখোমুখি হয়েছি। বুঝতে শিখেছি কীভাবে সঠিক প্রস্তুতি দরকার।”

ক্রিকেটে সফলতার জন্য অনুশীলনের গুরুত্ব তুলে ধরে রোহিত বলেন, “এমন অনেক কাজ করতে হয় যা চোখের সামনে দেখা যায় না। প্রস্তুতি সে রকমই একটা জিনিস। বারবার একই কাজ করতে হয়। কারণ ওখান থেকেই সব শুরু। মাঠে লম্বা সময় ধরে টিকে থাকার জন্য নিজেকে তৈরি করতে হয়। আমি ভারতের হয়ে ক্রিকেট খেলার সময়েও অনেকটা সময় দিয়েছি নিজেকে তৈরি করার জন্য।”