Engage Bangladesh

টেলর সুইফট ও ট্র্যাভিস কেলসের বাগদান ঘোষণা: মেসির বিশ্ব রেকর্ডের সামনে থমকে দাঁড়ালো

 পপসম্রাজ্ঞী টেলর সুইফট এনএফএল তারকা ট্র্যাভিস কেলসির সঙ্গে বাগদানের ঘোষণা দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এই সুখবর নিজেরাই শেয়ার করেছেন এই তারকা জুটি। মুহূর্তেই তাদের পোস্ট ভাইরাল হয়ে যায়, এমনকি এই ঘোষণার জোরে ইনস্টাগ্রাম কিছুক্ষণের জন্য কাজ করা বন্ধ করে দেয়। তবে এই পোস্ট যতই আলোড়ন সৃষ্টি করুক, লিওনেল মেসির একটি বিশ্ব রেকর্ডের সামনে এসে থমকে যায় টেলরের এই মুহূর্ত।

টেলর ও কেলসির বাগদানের পোস্ট ইনস্টাগ্রামে লাখ লাখ মানুষের ভালোবাসা কুড়ালেও, মেসির ২০২২ কাতার বিশ্বকাপ জয়ের ছবির সঙ্গে পাল্লা দিতে পারেনি। মেসির সেই ট্রফি হাতে ছবিটি মাত্র ৪০ মিনিটে ১ কোটি লাইক পেয়েছিল। অন্যদিকে, টেলরের বাগদানের ছবি ১ কোটি লাইকে পৌঁছাতে সময় নিয়েছে এক ঘণ্টা তিন মিনিট। বর্তমানে মেসির পোস্টটির ইন্টারঅ্যাকশন ৭ কোটি ৪০ লাখ ছাড়িয়েছে, যেখানে টেলরের পোস্ট প্রকাশের তিন ঘণ্টা পরেও লাইক সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৫০ লাখে। যদিও টেলরের পোস্ট মেসির মোট লাইকের সংখ্যা ছুঁয়ে ফেলার সম্ভাবনা আছে, তবে তা বেশ ক্ষীণ বলেই মনে করা হচ্ছে।

গত দুই বছর ধরে প্রেমের সম্পর্কে থাকা সুইফট ও কেলসি ভিন্ন জগতের হলেও একে অপরের প্রতি অটুট ভালোবাসায় আবদ্ধ। গত বছর টেলর সুইফটের ‘ইরাস ট্যুর’-এ মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে কনসার্ট দেখতে উপস্থিত ছিলেন লিওনেল মেসি ও তার স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো। এমনকি ২০২৩ সালে আর্জেন্টিনার বুয়েনাস আইরেসে কনসার্টের সময় টেলর প্রথমবারের মতো প্রকাশ্যে ট্র্যাভিস কেলসির সঙ্গে চুম্বন বিনিময় করেন, যা বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছিল।

টেলর সুইফট ও ট্র্যাভিস কেলসির বাগদান নিঃসন্দেহে একটি তারকাখচিত মুহূর্ত। তবে সামাজিক মাধ্যমে মেসির বিশ্বকাপ জয়ের পোস্ট এখনো শীর্ষে রয়েছে, যা এই প্রতিযোগিতায় আরও একবার প্রমাণিত হলো।