ENG.BD

এশিয়া কাপ ২০২৫: রশিদ খানের নেতৃত্বে আফগানিস্তানের শক্তিশালী স্কোয়াড ঘোষণা

আফগানিস্তানের রাজধানীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ও ঐতিহ্যবাহী স্থানে ঝুলছে বিশাল আকৃতির ব্যানার। প্রথম দেখায় মনে হতে পারে এগুলো কোনো বিজ্ঞাপন। কিন্তু না, এই ব্যানারগুলোতে রয়েছে এশিয়া কাপ ২০২৫-এর জন্য আফগানিস্তান ক্রিকেট দলের খেলোয়াড়দের নাম ও ছবি। আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) প্রতিবারের মতো এবারও দল ঘোষণায় নতুনত্ব এনেছে। আজ সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওর মাধ্যমে তারা এশিয়া কাপের ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে।

দলের নেতৃত্বে থাকছেন আফগানিস্তানের ক্রিকেটের পোস্টার বয় রশিদ খান। তিনজন রিজার্ভ খেলোয়াড় হিসেবে রাখা হয়েছে ওয়াফিউল্লাহ তরখিল, নানগিয়াল খারোতি ও আবদুল্লাহ আহমাদজাইকে। এশিয়া কাপ ২০২৫ টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হওয়ায় আফগান দলে অলরাউন্ডারদের ছড়াছড়ি। স্পিন অলরাউন্ডার হিসেবে রয়েছেন মোহাম্মদ নবী, শরফউদ্দিন আশরাফ ও রশিদ খান। এছাড়া পেস বোলিং অলরাউন্ডার হিসেবে দলে আছেন আজমতউল্লাহ ওমরজাই, করিম জানাত ও গুলবদিন নাইব।

আফগানিস্তানের সবচেয়ে বড় শক্তি তাদের স্পিন বিভাগ। মুজিব উর রেহমান, নুর আহমেদ ও রহস্যময় স্পিনার আল্লাহ গজনফরের উপস্থিতি এই বিভাগকে আরও শক্তিশালী করেছে। পেস আক্রমণে নাভিন উল হক, ফজলহক ফারুকি ও ফরিদ মালিক দায়িত্ব পালন করবেন। উইকেটকিপিংয়ে প্রত্যাশিতভাবেই রহমানউল্লাহ গুরবাজের হাতে থাকবে গ্লাভস, ব্যাকআপ হিসেবে রয়েছেন মোহাম্মদ ইশাক।

গত ফেব্রুয়ারিতে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির পর আফগানিস্তান আর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি। এ বছর তারা কোনো টি-টোয়েন্টি ম্যাচেও অংশ নেয়নি। সর্বশেষ তারা টি-টোয়েন্টি খেলেছিল ২০২৪ সালের ডিসেম্বরে জিম্বাবুয়ে সফরে। সেই দল থেকে এশিয়া কাপের স্কোয়াডে দুটি পরিবর্তন আনা হয়েছে। বাদ পড়েছেন হজরতউল্লাহ জাজাই ও জুবাইদ আকবরি। তাঁদের জায়গায় সুযোগ পেয়েছেন ইব্রাহিম জাদরান ও শরফউদ্দিন আশরাফ।

আন্তর্জাতিক ম্যাচ না খেললেও আফগান ক্রিকেটাররা বিশ্বের বিভিন্ন টি-টোয়েন্টি লিগে সক্রিয় ছিলেন। আইপিএল, পিএসএল, বিপিএল, আইএলটি২০, এসএ২০ এবং ঘরোয়া শপাগিজা ক্রিকেট লিগে তাঁরা নিয়মিত খেলেছেন। এশিয়া কাপের আগে আফগানিস্তান শারজায় পাকিস্তান ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে একটি ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলবে। এই সিরিজের জন্য বেশিরভাগ খেলোয়াড় ইতোমধ্যে প্রস্তুতি ক্যাম্পে যোগ দিয়েছেন বলে জানিয়েছে এসিবি।

এশিয়া কাপ ২০২৫ শুরু হবে আগামী ৯ সেপ্টেম্বর। উদ্বোধনী ম্যাচে আবুধাবিতে আফগানিস্তান মুখোমুখি হবে হংকংয়ের। ‘বি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ বাংলাদেশ (১৬ সেপ্টেম্বর) ও শ্রীলঙ্কা (১৮ সেপ্টেম্বর)।

আফগানিস্তানের স্কোয়াড:
রশিদ খান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ইব্রাহিম জাদরান, দরবেশ রাসুলি, সেদিকউল্লাহ আতাল, মোহাম্মদ নবী, আজমতউল্লাহ ওমরজাই, করিম জানাত, গুলবদিন নাইব, শরফউদ্দিন আশরাফ, মোহাম্মদ ইশাক (উইকেটকিপার), আল্লাহ গজনফর, মুজিব উর রেহমান, নুর আহমেদ, ফরিদ মালিক, ফজলহক ফারুকি, নাভিন উল হক।
রিজার্ভ খেলোয়াড়: ওয়াফিউল্লাহ তরখিল, নানগিয়াল খারোতি, আবদুল্লাহ আহমাদজাই।