ভিয়েৎস: ‘চাপ তৈরি করবে না, আমি শুধু ফুটবল খেলতে চাই’
লিভারপুল সাধারণত দলবদলে খুব বেশি খরচ করতে না দেখা গেলেও, এবারের মৌসুমে তারা স্কোয়াড শক্তি বৃদ্ধিতে ইতোমধ্যে ৩০ কোটি পাউন্ডের বেশি খরচ করেছে। এর মধ্যে ভিয়েৎসকে বায়ার লেভারকুজেন থেকে কেনার জন্য খরচ হয়েছে ১০ কোটি পাউন্ড। এতে লিভারপুলের ইতিহাসে সবচেয়ে দামী ফুটবলার হয়ে গেছেন ভিয়েৎস, যার সঙ্গে যোগ হতে পারে আরও এক কোটি ৬০ লাখ পাউন্ড বোনাস।
প্রাক-মৌসুমের প্রস্তুতি ম্যাচে ২২ বছর বয়সী এই ফুটবলারকে আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে শুরুর একাদশে খেলতে দেখা যায়। ৩-২ গোলের জয়ে মাঠে নেমে তিনি আশা প্রকাশ করেন যে, বড় অঙ্কের ট্রান্সফার ফি কিংবা আকাশ সমান প্রত্যাশা তার পারফরম্যান্সে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না।
ভিয়েৎস বলেন, “এটা (চাপ তৈরি করবে কি না) আমার মনে হয় না। আমি কেবল ফুটবল খেলতে চাই। ক্লাব দুটি নিজেদের মধ্যে কী পরিমাণ অর্থ দিয়েছে, তা আমার কাছে কোনো বিষয় নয়।”
প্রস্তুতি ম্যাচে ভিয়েৎস ইতোমধ্যে তার দক্ষতা প্রদর্শন করেছেন। গত সপ্তাহে জাপানের ক্লাব ইয়োকোহামা এফ মারিনোসের বিপক্ষে লিভারপুলের জার্সিতে তার প্রথম গোলটি করেন। এরপর বিলবাওয়ের বিপক্ষে ম্যাচেও তার পারফরম্যান্স ছিল উজ্জ্বল।
নতুন সতীর্থদের সঙ্গে দ্রুত মানিয়ে নিয়ে এবং দলের জন্য অবদান রাখতে পেরে ভিয়েৎস আরও আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন। তিনি বলেন, “লিভারপুলে আমার প্রথম কয়েক সপ্তাহ সত্যিই উপভোগ করছি। এখানে এসে আমি আনন্দিত, কারণ আমি এই দলে মানিয়ে নিতে পেরেছি। খেলোয়াড়দের সঙ্গে খেলা উপভোগ করছি এবং প্রতি মুহূর্তে সবকিছু আরও ভালো হচ্ছে। আমি খুব খুশি যে, সবকিছু সঠিকভাবে এগোচ্ছে।”