ENG.BD

বাংলাদেশের কাছে হারের পর এশিয়া কাপ নিয়ে পাকিস্তানের সাবেক অধিনায়কের হতাশা

গত মাসে বাংলাদেশ সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে হেরে যাওয়ায় পাকিস্তান ক্রিকেট দলের প্রতি হতাশা প্রকাশ করেছেন দেশটির সাবেক তারকারা। আগামী সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য এশিয়া কাপের আগে দলের এমন বাজে পারফরম্যান্স নিয়ে উদ্বেগ ব্যক্ত করেছেন তারা।

পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ বলেন, “আমাদের ক্রিকেট অনেকটা অধারাবাহিক। বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের কাছে যে ম্যাচগুলো আমরা হেরেছি, সেগুলো হেরে যাওয়া উচিত হয়নি। আমাদের অধিনায়ক হয়তো ভালো আছে, কিন্তু তিন ফরম্যাটেই খেলা সহজ ব্যাপার নয়। আমাদের প্রতিভা আছে, কিন্তু আমরা এখনো সঠিক সিদ্ধান্ত নিচ্ছি না।”

বাংলাদেশ সফর শেষে বর্তমানে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে পাকিস্তান ক্রিকেট দল। এরপর তারা সংযুক্ত আরব আমিরাতে গিয়ে শারজাহতে সংযুক্ত আরব আমিরাত ও আফগানিস্তানের সঙ্গে ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে।

পাকিস্তানের জন্য এশিয়া কাপে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে ভারতের মুখোমুখি হওয়া। আগামী ১৪ সেপ্টেম্বর দুবাইয়ে ভারতের বিপক্ষে মাঠে নামবে তারা। আইসিসি বা এসিসির টুর্নামেন্টে ভারতের সঙ্গে প্রতিযোগিতায় পাকিস্তান যেন পেরে উঠতে পারে না।

রশিদ লতিফ বলেন, “১৪ সেপ্টেম্বর ভারতের মুখোমুখি হওয়া আমাদের জন্য কঠিন চ্যালেঞ্জ হবে। আমি শুধু আশা করি, এশিয়া কাপ কোনো সমস্যা ছাড়া ভালোভাবে শেষ হোক।”