Engage Bangladesh

পাকিস্তানের পাঞ্জাবে ক্রিকেট মাঠে মর্মান্তিক ঘটনা: বোলিং না পেয়ে অধিনায়ককে গুলি করে হত্যা

পাকিস্তানের পাঞ্জাবে একটি প্রীতি ক্রিকেট ম্যাচে বোলিং করতে না পাওয়ায় ক্ষুব্ধ এক খেলোয়াড় দলের অধিনায়ক ফখর ইকবালকে গুলি করে হত্যা করেছেন। এ ঘটনায় অধিনায়কের ভাইও মারা গেছেন, এবং তাদের চাচা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গণমাধ্যম সূত্রে জানা যায়, প্রায় এক সপ্তাহ আগে পাঞ্জাবের একটি প্রীতি ম্যাচে বোলিং করতে না পেরে অধিনায়ক ফখর ইকবালের সঙ্গে তর্কে জড়ান এক বোলার। তর্কের এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে ওই খেলোয়াড় ইকবালকে গুলি করেন, যার ফলে তিনি ঘটনাস্থলেই মারা যান। এরপর অভিযুক্ত খেলোয়াড় ইকবালের ভাই ও চাচাকেও গুলি করেন।

গুরুতর আহত অবস্থায় ইকবালের ভাই ও চাচাকে হাসপাতালে ভর্তি করা হয়। এক সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াই করে গত সোমবার (২৫ আগস্ট) ইকবালের ভাইও মারা যান। বর্তমানে তাদের চাচা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এই মর্মান্তিক ঘটনায় স্থানীয় পুলিশ দ্রুত অভিযুক্ত হামলাকারীকে গ্রেপ্তার করেছে। ক্রিকেট মাঠে এমন নৃশংস ঘটনায় দুই ভাইয়ের অকালমৃত্যুতে তাদের পরিবার, বন্ধুবান্ধব এবং স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।