ENG.BD

ব্যালন ডি’অরে মনোনয়ন না পেয়ে হ্যাটট্রিকে উপেক্ষার জবাব দিলেন রোনালদো

 গত বছর রদ্রি ভিনিসিয়ুস জুনিয়রকে পেছনে ফেলে ব্যালন ডি’অর জিতলে ক্রিশ্চিয়ানো রোনালদো বলেছিলেন, ‘এই পুরস্কারের আর কোনো গ্রহণযোগ্যতা নেই।’ ২০১৭ সালে সর্বশেষ এই মর্যাদাপূর্ণ পুরস্কার জেতা পর্তুগিজ মহাতারকা ২০২২ সালের পর থেকে ৩০ জনের সংক্ষিপ্ত তালিকাতেও জায়গা পাননি। গত মৌসুমে সৌদি ক্লাব আল নাসরের হয়ে ৩৩ গোল ও পর্তুগালের হয়ে উয়েফা নেশন্স লিগ জয়ের পর এবার বর্ষসেরার মনোনয়ন পাওয়ার আশায় ছিলেন ৪০ বছর বয়সি রোনালদো। কিন্তু গতবারের মতো এবারও তিনি এবং আধুনিক ফুটবলের আরেক দিকপাল লিওনেল মেসি সেরা ত্রিশের তালিকায় জায়গা পাননি। উল্লেখযোগ্যভাবে, ইউরোপের বাইরের কোনো লিগের খেলোয়াড় এই তালিকায় স্থান পায়নি।

বৃহস্পতিবার ব্যালন ডি’অরের মনোনয়ন তালিকা প্রকাশের কয়েক ঘণ্টা পর রোনালদো সামাজিক মাধ্যমে একটি সংক্ষিপ্ত বার্তায় প্রতিক্রিয়া জানান, ‘নিজেকে তাড়া করো। আরও অনেক কিছু করার আছে।’ এরপর মাঠে নেমে দুর্দান্ত এক হ্যাটট্রিকে উপেক্ষার জবাব দেন আল নাসরের অধিনায়ক। প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে পর্তুগালের শীর্ষ লিগের ক্লাব রিও অ্যাভেকে তাদের মাঠে ৪-০ গোলে উড়িয়ে দেয় আল নাসর। ৪৪, ৬৩ ও ৬৮ মিনিটে টানা তিন গোল করে রোনালদো সৌদি ফুটবলের মান বুঝিয়ে দেন স্বদেশি ক্লাবকে।

একই রাতে মিউনিখে আরেক প্রীতি ম্যাচে প্রথমবারের মতো নিজের সাবেক ক্লাব টটেনহামের মুখোমুখি হন হ্যারি কেইন। দারুণ এক গোলে বায়ার্ন মিউনিখকে এগিয়ে দেন এই ইংলিশ ফরোয়ার্ড, যদিও পরে তিনি একটি পেনালটি মিস করেন। শেষ পর্যন্ত বায়ার্ন ৪-০ গোলের সহজ জয় পায়।