ENG.BD

জাতীয় ফুটবল দলের কোচ কাবরেরার সমালোচনায় বাফুফে সদস্য ছাইদ হাছান কানন

 
জাতীয় ফুটবল দলের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা ও তার কোচিং স্টাফের বিরুদ্ধে কড়া সমালোচনা করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সদস্য ও সাবেক গোলরক্ষক ছাইদ হাছান কানন। গত ১০ জুন ঢাকা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচে কোচ ও তার টিমের ভুল তিনি সাংবাদিকদের সামনে তুলে ধরেন।

কানন বলেন, “হোটেল থেকে দল আসার সময় কোচ দেরিতে আসেন। একসঙ্গে চারজন খেলোয়াড় পরিবর্তন করা একজন কোচ, সাবেক খেলোয়াড় ও জাতীয় দল কমিটির সদস্য হিসেবে আমার কাছে খারাপ লেগেছে।”

তিনি আরও ব্যাখ্যা করেন, “আল আমিন নামার পর রাকিব কেন রাইট ব্যাক হয়ে গেল? জামালকে কেন নামাল না? জামালের সেটপিসে ভুটান ম্যাচে হামজা গোল করেছিল। সিঙ্গাপুর ম্যাচে আমরা ১১টি সেটপিস পেয়েছি। জামাল থাকলে হয়তো একটা গোল পেতাম।”

প্রধান কোচ কাবরেরা ছাড়াও কোচিং স্টাফ ও টিম ম্যানেজমেন্টের ব্যর্থতার বিষয়টিও উল্লেখ করেন কানন। তিনি বলেন, “খেলোয়াড় পরিবর্তনের জন্য আমরা আগে রেফারিকে বলেছি। অথচ, প্রতিপক্ষের খেলোয়াড় আগে নেমেছে। এতে চার মিনিট সময় নষ্ট হয়েছে। ফলে খেলার গতি নষ্ট হয়ে ম্যাচে প্রভাব পড়েছে। আমরা এসব বিষয় খুঁজে বের করে আলোচনা করেছি।”