ENG.BD

আইএসপিএল: টেনিস বল ক্রিকেটের বিশ্বমঞ্চে নতুন অধ্যায়, অজয় দেবগনের আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজি

ভারতের টেনিস বল ক্রিকেটকে পেশাদার আঙ্গিকে বিশ্বমঞ্চে তুলে ধরার লক্ষ্য নিয়ে শুরু হওয়া ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগ (আইএসপিএল) দিন দিন জনপ্রিয়তার শিখরে পৌঁছাচ্ছে। মাত্র দুই মৌসুম পেরিয়ে এই লিগ এখন বলিউড তারকাদের মালিকানাধীন দলগুলোর সমাহারে সমৃদ্ধ। সর্বশেষ এই তালিকায় যুক্ত হয়েছেন অভিনেতা অজয় দেবগন, যিনি অধিগ্রহণ করেছেন আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজির মালিকানা।

এর আগে আইএসপিএলে দল কিনেছেন অমিতাভ বচ্চন (মাঝি মুম্বাই), সাইফ আলী খান ও কারিনা কাপুর (টাইগার্স অব কলকাতা), অক্ষয় কুমার (শ্রীনগর কে বীর), সূর্য শিবকুমার (চেন্নাই সিংগামস), হৃতিক রোশন (বেঙ্গালুরু স্ট্রাইকার্স), রাম চরণ (ফ্যালকন রাইজার্স হায়দরাবাদ) এবং সালমান খান (দিল্লি)।

ভারতের প্রথম টেনিস বলের টি-টেন লিগের মূল কমিটিতে রয়েছেন কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার, বিসিসিআইয়ের কোষাধ্যক্ষ আশিস শেলার, আমোল কালে এবং আইপিএল কমিশনার সুরাজ সামত। টুর্নামেন্টের পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করছেন ভারতীয় জাতীয় দলের সাবেক প্রধান কোচ রবি শাস্ত্রী।

তৃতীয় মৌসুমকে সামনে রেখে আয়োজিত এক অনুষ্ঠানে শচীন টেন্ডুলকার বলেন, ‘আইএসপিএলের মূল লক্ষ্য টেনিস বল ক্রিকেট খেলোয়াড়দের জন্য স্বপ্নপূরণের মঞ্চ তৈরি করা। এখানে তারা কেবল খেলার সুযোগই পাবে না, নিজেদের প্রতিভা প্রমাণের জায়গাও পাবে। নতুন দল যুক্ত হওয়ায় আরও অনেক তরুণ প্রতিভা সুযোগ পাবেন।’

আশিস শেলার বলেন, ‘আইএসপিএল টেনিস বল ক্রিকেটকে পেশাদার স্তরে নিয়ে যাচ্ছে। অজয় দেবগনের নেতৃত্বে আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে আমরা আরও নতুন প্রতিভা খুঁজে বের করতে পারব।’

অজয় দেবগন তার উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘এই লিগ কেবল প্রতিভা খুঁজে বের করছে না, তাদের আলো ছড়ানোর সুযোগও দিচ্ছে। আহমেদাবাদের মতো প্রাণবন্ত শহরের প্রতিনিধিত্ব করতে পারা আমার জন্য গর্বের। এখন সময় এসেছে পুরো দেশ একসঙ্গে ভারতের চ্যাম্পিয়নদের উদযাপন করুক।’

আইএসপিএলের তৃতীয় মৌসুমের জন্য ইতিমধ্যে ৪২ লাখের বেশি খেলোয়াড় নিবন্ধন করেছেন। ভারতের ১০১টি শহরে আয়োজিত ট্রায়ালের মাধ্যমে এই খেলোয়াড়দের থেকে নির্বাচিত হবে আগামী মৌসুমের তারকারা।