ENG.BD

ত্রিনিদাদে শাহীন শাহ আফ্রিদির ইতিহাস, দুটি বিশ্বরেকর্ড গড়লেন পাকিস্তানি পেসার

ত্রিনিদাদ ও টোবাগোর তারোবার ব্রায়ান লারা ক্রিকেট একাডেমিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সে ইতিহাস গড়েছেন পাকিস্তানের পেসার শাহীন শাহ আফ্রিদি। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৪ উইকেট নিয়ে দুটি বিশ্বরেকর্ড গড়েছেন এই তারকা বোলার।

শাহীন এই ম্যাচে ৮ ওভারে ৫১ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন। এর মাধ্যমে তিনি পুরুষদের ওয়ানডেতে (আইসিসির ফুল মেম্বার দেশগুলোর মধ্যে) সেরা স্ট্রাইক রেটের রেকর্ড অর্জন করেছেন। তার বর্তমান স্ট্রাইক রেট ২৫.৪, যা ভারতের মোহাম্মদ শামির পূর্ববর্তী রেকর্ড ২৫.৮ কে ছাড়িয়ে গেছে।

এছাড়াও, শাহীন আরও একটি বিশ্বরেকর্ডের মালিক হয়েছেন। তার প্রথম ৬৫টি ওয়ানডে ম্যাচে উইকেট সংখ্যা এখন ১৩১, যা এই পর্যায়ে কোনো বোলারের সর্বোচ্চ। এর আগে অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক এবং আফগানিস্তানের রশিদ খান ১২৯ উইকেট নিয়ে যৌথভাবে শীর্ষে ছিলেন। গড়ে প্রতি ম্যাচে দুইয়ের বেশি উইকেট নেওয়া একমাত্র বোলার হিসেবেও শাহীন এই তালিকায় নাম লিখিয়েছেন।

ম্যাচে পাকিস্তান টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। ওয়েস্ট ইন্ডিজ ৪৯ ওভারে সব উইকেট হারিয়ে ২৮০ রান সংগ্রহ করে। এভিন লুইস ৬০, শাই হোপ ৫৫ এবং রোস্টন চেজ ৫৩ রান করেন। শাহীনের ৪ উইকেটের পাশাপাশি নাসিম শাহ ৩ উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান ৪৮.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে লক্ষ্য পূরণ করে। বাবর আজম ৪৭, মোহাম্মদ রিজওয়ান ৫৩ এবং ম্যাচসেরা হাসান নওয়াজ ৫৪ বলে অপরাজিত ৬৩ রান করেন। হুসেইন তালাতও ৪১ রানে অপরাজিত থাকেন। একপর্যায়ে ১৮০ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়লেও নওয়াজ ও তালাতের দুর্দান্ত জুটি পাকিস্তানকে জয়ের বন্দরে পৌঁছে দেয়।