Engage Bangladesh

ইউরোতে ইতিহাস গড়ে ফাইনালে স্পেন, জার্মানিকে হারিয়ে প্রথমবার শিরোপার লড়াইয়ে

 উয়েফা উইমেন্স ইউরো ২০২৫-এর দ্বিতীয় সেমিফাইনালে নাটকীয় এক জয় তুলে নিয়ে প্রথমবারের মতো ফাইনালে জায়গা করে নিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। বুধবার (২৩ জুলাই) রাতে সুইজারল্যান্ডের জুরিখে অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াইয়ে শক্তিশালী জার্মানিকে ১-০ গোলে পরাজিত করে তারা।

নির্ধারিত ৯০ মিনিট ছিল গোলশূন্য। এরপর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ম্যাচের ১১৩তম মিনিটে স্প্যানিশ তারকা আইতানা বোনমাতির একমাত্র ও জয়সূচক গোলেই ইতিহাস গড়ে স্পেন। ইউরো চ্যাম্পিয়নশিপের ইতিহাসে এই প্রথমবারের মতো ফাইনালে উঠল তারা। একই সঙ্গে বড় কোনো প্রতিযোগিতায় জার্মানির বিপক্ষে এটিই স্পেনের প্রথম জয়।

ফাইনালে স্পেন মুখোমুখি হবে ইংল্যান্ডের, যারা প্রথম সেমিফাইনালে ইতালিকে হারিয়ে শিরোপার লড়াইয়ে উঠেছে। সুইজারল্যান্ডের বাসেল শহরে অনুষ্ঠিতব্য ফাইনাল ম্যাচটি আগামী রবিবার (২৭ জুলাই) অনুষ্ঠিত হবে। এই ফাইনাল ২০২৩ নারী বিশ্বকাপের পুনরাবৃত্তি, যেখানে স্পেন ইংল্যান্ডকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল।

উল্লেখযোগ্যভাবে, ইউরো সেমিফাইনালে এটি ছিল জার্মানির ১১তম অংশগ্রহণ। এর আগে তারা ১০ বার সেমিফাইনালে উঠে ৯ বারই জয় পেয়েছিল। এমন এক পরিসংখ্যানের বিপরীতে দাঁড়িয়ে স্পেনের এই জয় নিঃসন্দেহে ঐতিহাসিক।