Engage Bangladesh

ফিফা ক্লাব বিশ্বকাপ: ফাইনালে ওঠার লড়াইয়ে রিয়ালের মুখোমুখি পিএসজি

ফিফা ক্লাব বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ বুধবার রাত ১টায় মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ ও পিএসজি। ফাইনালে ওঠার লড়াইয়ে কিলিয়ান এমবাপের সাবেক ক্লাব পিএসজির বিপক্ষে মাঠে নামবে তার বর্তমান ক্লাব রিয়াল মাদ্রিদ। এর আগে প্রথম সেমিফাইনালে ফ্লুমিনেন্সেকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে চেলসি।

২০২৩-২৪ মৌসুম শেষে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। এরপর তিনি এখনও পিএসজির বিপক্ষে মাঠে নামেননি। এবারই প্রথম তাকে সাবেক ক্লাবের মুখোমুখি হতে দেখবে ফুটবল বিশ্ব। নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে অনুষ্ঠিত এই ম্যাচে এমবাপের পারফরম্যান্স দেখার জন্য মুখিয়ে আছেন ফুটবলপ্রেমীরা। পিএসজি এমবাপে চলে যাওয়ার পরের মৌসুমেই চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে। এর আগে ২০২০ সালে এমবাপে দলে থাকাকালীন ফাইনালে উঠলেও বায়ার্ন মিউনিখের কাছে হেরেছিল ফরাসি ক্লাবটি। ম্যাচের আগে পিএসজির কোচ লুইস এনরিকের কাছে প্রশ্ন করা হয়, এমবাপে থাকাকালীন দল নাকি বর্তমান চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দল বেশি শক্তিশালী? তিনি বলেন, “এটা অতীতের প্রশ্ন। আমি অতীত নিয়ে কথা বলতে চাই না, শুধু ভবিষ্যৎ নিয়ে ভাবছি।” তবে এনরিকে এই ম্যাচকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। তিনি বলেন, “বিশ্বের সবচেয়ে সফল দলের বিপক্ষে খেলাটা বাড়তি অনুপ্রেরণা।” ম্যাচটি নিউ জার্সির তীব্র গরমে অনুষ্ঠিত হবে। গতকাল চেলসি-ফ্লুমিনেন্সে ম্যাচে তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গিয়েছিল, সঙ্গে ছিল ৫৪ শতাংশের বেশি আর্দ্রতা। এনরিকে বলেন, “এই আবহাওয়া খেলোয়াড়দের জন্য কঠিন, খেলার সৌন্দর্যও কমে যায়। তবে এটা দুই দলের জন্যই সমান চ্যালেঞ্জ। আমরা এমন পরিস্থিতিতে অভ্যস্ত।” সাবেক বার্সেলোনা কোচ এনরিকে এই ম্যাচ নিয়ে উচ্ছ্বসিত। তিনি বলেন, “রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলা বিশেষ ম্যাচ। তবে এই ধরনের ম্যাচ আমরা উপভোগ করি, কারণ এটি প্রমাণ করে আমরা সেমিফাইনালে ওঠার যোগ্যতা অর্জন করেছি।” এই ম্যাচের বিজয়ী দল আগামী রোববার ফাইনালে চেলসির মুখোমুখি হবে।