Engage Bangladesh

আন্তর্জাতিক দাবা দিবসে মুগ্ধ চ্যাম্পিয়ন

নারায়ণগঞ্জে আন্তর্জাতিক দাবা দিবস উপলক্ষে আয়োজিত ‘সেইলর চেকমেট নারায়ণগঞ্জ-২০২৫ ইন্টার স্কুল ইন্টারন্যাশনাল র‍্যাপিড রেটিং টুর্নামেন্ট’-এ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন সাউথ পয়েন্ট স্কুলের রায়ান রশিদ মুগ্ধ। অনূর্ধ্ব-১৮ বিভাগে তিনি ৭ ম্যাচে শতভাগ জয় নিয়ে এই কৃতিত্ব অর্জন করেন।

এদিকে, অনূর্ধ্ব-১৪ বিভাগে ৫.৫ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়েছেন সাউথ পয়েন্ট স্কুলের সাফায়েত কিবরিয়া আজান। অন্যদিকে, অনূর্ধ্ব16-১০ বিভাগে নারায়ণগঞ্জ ফিলোসোফিয়া স্কুলের মোহাম্মদ মাবরুর রাদ ৭ পয়েন্ট নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।

নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী মহসিন ক্লাবে আয়োজিত এই টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাপতি সৈয়দ সুজাউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের অতিরিক্ত কর কমিশনার মর্তুজা শরিফুল ইসলাম।

শুভেচ্ছা বক্তব্য রাখেন ইপিলিয়ন গ্রুপের সিএসআর প্রধান নাজমুল আহসান, আন্তর্জাতিক আরবিটার হারুন অর রশিদ এবং চেজ বাংলাদেশ.কম-এর সম্পাদক মোরসালিন আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মেরিনা জাহান।

নারায়ণগঞ্জ মহসিন ক্লাবের ব্যবস্থাপনায়, সেইলরের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় ৭ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে আয়োজিত এই টুর্নামেন্টে জেলা ও জেলার বাইরের বিভিন্ন স্কুলের ৬০ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন।