ENG.BD

বাংলাদেশের সিরিজে ফেরার সামর্থ্য আছে : জয়সুরিয়া

বাংলাদেশ ক্রিকেট দলের জন্য সাম্প্রতিক সময়টা তেমন ভালো যাচ্ছে না। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে এগিয়ে থেকেও হারের মুখ দেখতে হয়েছে টাইগারদের। তবে শ্রীলঙ্কার প্রধান কোচ সনাৎ জয়সুরিয়া মনে করেন, বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর যথেষ্ট সামর্থ্য রয়েছে।

দ্বিতীয় ওয়ানডের আগে আজ এক সংবাদ সম্মেলনে জয়সুরিয়া বলেন, “বাংলাদেশ একটি অভিজ্ঞ দল। তারা অনেক ক্রিকেট খেলেছে। অবশ্যই তারা বাউন্স ব্যাক করতে পারে।” প্রথম ওয়ানডেতে বাংলাদেশ দলে ছিলেন না রিশাদ হোসেন। দ্বিতীয় ম্যাচে এই লেগ স্পিনার ফিরতে পারেন, যিনি শ্রীলঙ্কানদের জন্য হুমকি হতে পারেন বলে মনে করেন জয়সুরিয়া। তিনি বলেন, “বাংলাদেশ দল নিয়ে আমি বিস্তারিত বলতে পারি না, তাদের সম্পর্কে আমার খুব বেশি তথ্য নেই। তবে গত ম্যাচে আমরা যে একাদশের বিপক্ষে খেলেছি, তারা অত্যন্ত অভিজ্ঞ। তাদের অভিজ্ঞতার গভীরতা রয়েছে।” তিনি আরও বলেন, “তারা যে দলই মাঠে নামাক, আমাদের তাদের বিরুদ্ধে খেলতে হবে। আমাদের খেলোয়াড়রা এখন আত্মবিশ্বাসী, তবে আমরা এটাকে হালকাভাবে নিতে পারি না। বাংলাদেশের বিপক্ষে জিততে হলে আমাদের কঠোর পরিশ্রম করতে হবে।” প্রথম ম্যাচে বাংলাদেশের ব্যাটিং বিপর্যয় প্রসঙ্গে জয়সুরিয়া বলেন, “ক্রিকেটে যেকোনো কিছুই ঘটতে পারে। আমরা বাংলাদেশকে যেভাবে চাপে রেখেছিলাম, সেটা গুরুত্বপূর্ণ ছিল। তারা প্রথম ১৫ ওভারে দারুণ খেললেও আমরা ভেঙে পড়িনি।”