আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে বাংলাদেশ নারী ক্রিকেট দল দুটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে। টাইগ্রেসরা শ্রীলঙ্কা জাতীয় দল এবং শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে মাঠে নামবে।
মঙ্গলবার আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের সূচি ঘোষণা করেছে। টুর্নামেন্টে অংশ নেওয়া আটটি দলই প্রস্তুতি ম্যাচ খেলবে। তবে অস্ট্রেলিয়া বাদে বাকি সাতটি দল দুটি করে প্রস্তুতি ম্যাচ খেলবে, আর অস্ট্রেলিয়া একটি ম্যাচ খেলে প্রস্তুতি সারবে।
প্রস্তুতি ম্যাচগুলো ২৫, ২৭ ও ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। প্রথম দিন (২৫ সেপ্টেম্বর) কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ মুখোমুখি হবে শ্রীলঙ্কা ‘এ’ দলের। দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে ২৭ সেপ্টেম্বর শ্রীলঙ্কা জাতীয় দলের বিপক্ষে খেলবে বাংলাদেশ।
গত মাসে আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের সূচি প্রকাশ করে। টুর্নামেন্টটি ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত চলবে। ২০২২-২৫ আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষ ছয়টি দল সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। স্বাগতিক হিসেবে ভারত সরাসরি খেলার সুযোগ পেয়েছে। বাকি দলগুলো হলো—অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। বাছাই পর্ব পেরিয়ে বাংলাদেশ ও পাকিস্তান মূল পর্বে খেলার টিকিট পেয়েছে।
আট দলের এই টুর্নামেন্ট হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হবে। লিগ পর্বে মোট ২৮টি ম্যাচ খেলা হবে। ভারত মূল আয়োজক হলেও, পাকিস্তানের ম্যাচগুলো শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে ২ অক্টোবর কলম্বোতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে।
**নারী ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের সূচি:**
- **২৫ সেপ্টেম্বর**: ভারত-ইংল্যান্ড, ব্যাঙ্গালুরু
- **২৫ সেপ্টেম্বর**: দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড, ব্যাঙ্গালুরু
- **২৫ সেপ্টেম্বর**: শ্রীলঙ্কা-পাকিস্তান, কলম্বো
- **২৫ সেপ্টেম্বর**: বাংলাদেশ-শ্রীলঙ্কা ‘এ’, কলম্বো
- **২৭ সেপ্টেম্বর**: অস্ট্রেলিয়া-ইংল্যান্ড, ব্যাঙ্গালুরু
- **২৭ সেপ্টেম্বর**: ভারত-নিউজিল্যান্ড, ব্যাঙ্গালুরু
- **২৭ সেপ্টেম্বর**: বাংলাদেশ-শ্রীলঙ্কা, কলম্বো
- **২৮ সেপ্টেম্বর**: দক্ষিণ আফ্রিকা-ভারত ‘এ’, ব্যাঙ্গালুরু
- **২৮ সেপ্টেম্বর**: পাকিস্তান-শ্রীলঙ্কা ‘এ’, কলম্বো