
২৪ জুলাই ঢাকায় বসবে গুরুত্বপূর্ণ সভা, এশিয়া কাপের ভেন্যু নিয়েও আলোচনার সম্ভাবনা
ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভা (এজিএম)। পাকিস্তানি সংবাদমাধ্যম এ স্পোর্টস-এর বরাতে জানা গেছে, আগামী ২৪ জুলাই ঢাকায় এই গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হবে। ভারত ও শ্রীলঙ্কার ভেন্যু পরিবর্তনের দাবি সত্ত্বেও এসিসি সভাপতি মহসিন নকভি ঢাকাকেই চূড়ান্ত ভেন্যু হিসেবে নিশ্চিত করেছেন।
বাংলাদেশে বেশ কয়েক বছর পর এসিসির এমন বড় সভা হতে যাচ্ছে। তবে ভারত ও শ্রীলঙ্কা লজিস্টিক ও রাজনৈতিক কারণে সভার স্থান পরিবর্তনের প্রস্তাব দিয়েছিল। এসিসি সভাপতি মহসিন নকভি সদস্য বোর্ডগুলোকে চিঠি পাঠিয়ে সভার তারিখ ও স্থান চূড়ান্ত করেছেন এবং ১৫ দিনের নোটিশ পাঠানো হয়েছে, যাতে অংশগ্রহণকারী দেশগুলো প্রস্তুতি নিতে পারে।
যদি কোনো বোর্ড প্রতিনিধি সশরীরে উপস্থিত হতে না পারেন, তাদের জন্য অনলাইনে যোগ দেওয়ার সুযোগও রাখা হয়েছে। এ বিষয়ে এসিসির এক কর্মকর্তা বলেন, “অনলাইন মিটিং এখন বিশ্বজুড়ে স্বাভাবিক। এসিসি ও আইসিসি এর আগেও একাধিকবার অনলাইন সভা করেছে।”
এই সময়ে ঢাকায় পাকিস্তান-বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজও অনুষ্ঠিত হবে, যার কারণে অনেক এসিসি সদস্য দেশের প্রতিনিধি ঢাকায় উপস্থিত থাকবেন। এটি ভেন্যু হিসেবে ঢাকা চূড়ান্ত করার সিদ্ধান্তে প্রভাব ফেলেছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, ২০২৫ সালের এশিয়া কাপের প্রস্তুতিও চলছে। সম্ভাব্য সূচি অনুযায়ী, আগামী ৫ থেকে ২১ সেপ্টেম্বর এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে পারে। ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাত এগিয়ে থাকলেও এখনো চূড়ান্ত ঘোষণা আসেনি।
ভারতের আপত্তি উপেক্ষা করে ঢাকায় এই সভা আয়োজন বাংলাদেশ ক্রিকেট প্রশাসনের জন্য বড় সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে। এশিয়া কাপসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে এই সভার দিকে এখন ক্রিকেটপ্রেমীদের নজর।