Engage Bangladesh

দুবাইয়ে অক্টোবরে আফগানিস্তানের সঙ্গে হোয়াইট-বল সিরিজের পরিকল্পনা বিসিবি-র

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) আগামী অক্টোবরে দুবাইয়ে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ নিয়ে একটি হোয়াইট-বল সিরিজ আয়োজনের বিষয়ে আলোচনা করছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে সিরিজটি অক্টোবরের প্রথমার্ধে অনুষ্ঠিত হতে পারে।

২০২৪ সালের জুলাইয়ে আফগানিস্তানের আমন্ত্রণে বাংলাদেশের দুটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল। কিন্তু বিসিবি খেলোয়াড়দের ওয়ার্কলোড ব্যবস্থাপনার কারণে সফরটি স্থগিত করার অনুরোধ জানায়। পরে এসিবি জুলাই-আগস্টে ভারতের গ্রেটার নয়ডায় তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টির প্রস্তাব দিলেও বর্ষাকালে আবহাওয়া অনুপযুক্ত হওয়ায় বিসিবি তা নাকচ করে।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান শাহরিয়ার নাফিস ক্রিকবাজকে জানান, “আমরা এসিবির সঙ্গে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি নিয়ে আলোচনায় আছি, যা ২০২৪ সালে স্থগিত হওয়া সিরিজের বিকল্প আয়োজন। দুটি টেস্ট পরে উভয় বোর্ডের সুবিধাজনক সময়ে হবে।” তিনি আরও বলেন, “ভেন্যু এখনো চূড়ান্ত না হলেও অক্টোবরে এই সিরিজ হওয়ার সম্ভাবনা রয়েছে।”

অক্টোবরের দ্বিতীয়ার্ধে বাংলাদেশ দেশে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ এবং আফগানিস্তান জিম্বাবুয়ে সফরে ব্যস্ত থাকবে। ফলে অক্টোবরের প্রথমার্ধের ফাঁকা সময়ে দুবাইয়ে এই সিরিজ আয়োজনের পরিকল্পনা করছে দুই বোর্ড।