আগস্টে তুরস্কের মুখোমুখি হবে বাংলাদেশ নারী ফুটবল দল
ইস্তানবুল, ৫ জুলাই ২০২৫: বাংলাদেশের ফুটবলে নতুন জোয়ারের সঙ্গে এবার যুক্ত হলো তুরস্কের সহযোগিতা। আজ ইস্তানবুলে তুরস্ক ফুটবল ফেডারেশনের (টিএফএফ) সদর দপ্তরে বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং টিএফএফ প্রেসিডেন্ট ইব্রাহিম এথেম হাজি ওসমানওগলুর মধ্যে একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠক বাংলাদেশ ও তুরস্কের মধ্যে ক্রীড়া সহযোগিতার এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।
বৈঠকে আসিফ মাহমুদ বাংলাদেশের ফুটবলের সাম্প্রতিক উত্থান, বাংলাদেশি বংশোদ্ভূত খেলোয়াড়দের জাতীয় দলে অন্তর্ভুক্তি এবং একটি টেকসই ফুটবল ইকোসিস্টেম গড়ে তোলার উদ্যোগ তুলে ধরেন। তিনি জানান, বাংলাদেশে তুর্কি ফুটবল দলের বিপুল ভক্ত রয়েছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশ-তুরস্ক প্রীতি ম্যাচ আয়োজন দুই দেশের জনগণের মধ্যে ক্রীড়াভিত্তিক বন্ধুত্বকে আরও জোরদার করবে। টিএফএফ প্রেসিডেন্ট ইব্রাহিম এথেম প্রস্তাবটি উৎসাহের সঙ্গে গ্রহণ করেন এবং জানান, সবকিছু ঠিক থাকলে আগামী আগস্টে দুই দেশের নারী ফুটবল দলের মধ্যে একটি প্রীতি ম্যাচ আয়োজন করা সম্ভব হবে। এছাড়া, তিনি বাংলাদেশের ফুটবল কাঠামো শক্তিশালী করতে কারিগরি সহায়তা, কোচ ও রেফারিদের প্রশিক্ষণ, ক্রীড়া চিকিৎসা এবং অভিজ্ঞতা বিনিময়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। এই বৈঠক বাংলাদেশ ও তুরস্কের মধ্যে ক্রীড়াঙ্গনের সম্পর্ককে আরও গভীর ও ফলপ্রসূ করার পথে একটি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। উভয় পক্ষই আশা প্রকাশ করেছে যে, এই সহযোগিতা ভবিষ্যতে দুই দেশের ফুটবলকে নতুন উচ্ধতায় নিয়ে যাবে।