নেইমার-ব্রুনার কোলজুড়ে এলো কন্যাসন্তান ‘মেল’, উচ্ছ্বসিত তারকা দম্পতি
ব্রাজিলের ফুটবল সুপারস্টার নেইমার আবারও পিতৃত্বের স্বাদ পেলেন। তার বান্ধবী ও প্রেমিকা ব্রুনা ব্যাঙ্কার্ডির কোলজুড়ে এসেছে কন্যাসন্তান ‘মেল’। গত ৫ জুলাই ভোরে জন্ম নেওয়া এই নবজাতক নেইমারের চতুর্থ সন্তান। নতুন সদস্যের আগমনে উচ্ছ্বসিত নেইমার ও ব্রুনা দুজনেই।
ব্রুনা ইনস্টাগ্রামে মেলকে কোলে নিয়ে ছবি পোস্ট করে আবেগঘন এক বার্তায় লিখেছেন, “আমাদের মেল এসেছে—আমাদের জীবনকে আরও মিষ্টি করে তুলতে। স্বাগতম, মেয়ে! ঈশ্বর তোমার জীবনকে আশীর্বাদ ও নিরাপত্তায় রাখুন। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি তোমার সঙ্গে এই নতুন অধ্যায় শুরু করার।” ৩৩ বছর বয়সী নেইমারের এটি চতুর্থ সন্তান। তার প্রথম সন্তান ডাভি লুকা জন্ম নেয় ২০১১ সালে সাবেক প্রেমিকা ক্যারোলিনা ডান্তাসের ঘরে। এরপর ব্রুনার সঙ্গে জন্ম নেয় কন্যাসন্তান মাভি। তৃতীয় সন্তানের মা নেইমারের আরেক সাবেক সঙ্গী আমান্ডা কিম্বারলি। ব্রাজিলে ফিরে সান্তোস ক্লাবে যোগ দেওয়ার পর থেকে নেইমার এখন পরিবারকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন। তার বড় মেয়ে মাভি ছোট বোন মেলকে কাছে পেয়ে আনন্দে আত্মহারা। নেইমার নিজেও নতুন সদস্যকে ঘিরে পরিবারের সঙ্গে পুরোদমে সময় কাটাচ্ছেন। চলতি বছরের জানুয়ারিতে সান্তোসে ফিরে আসার পর নেইমার যেন আবারও ঘরের ছেলে হয়ে উঠেছেন। তার বর্তমান চুক্তি ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত। এরপর ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে তার ক্লাব ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বড় ক্লাবগুলোর আগ্রহ ইতোমধ্যেই বাড়ছে। তবে এখন মাঠের বাইরেই জীবনের সবচেয়ে সুখের মুহূর্ত কাটাচ্ছেন ব্রাজিলের সর্বোচ্চ গোলদ ফুটবলার। মেয়ে মেলের আগমনে নেইমারের জীবন যেন আরও রঙিন হয়ে উঠেছে।