ENG.BD

আড়াইশর আগেই অলআউট বাংলাদেশ

কলম্বোতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ দল ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে ৪৫ ওভার ৫ বলে সবকটি উইকেট হারিয়ে মাত্র ২৪৮ রানে অলআউট হয়েছে। পারভেজ হোসেন ইমন ও তাওহিদ হৃদয়ের ফিফটি সত্ত্বেও লোয়ার মিডল অর্ডারের ব্যাটারদের ব্যর্থতায় বড় সংগ্রহ গড়তে ব্যর্থ হয় টাইগাররা।

ইনিংসের শুরুটা দারুণ ছিল। ওপেনার পারভেজ হোসেন ইমন ৬৯ বলে ৬৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন, যেখানে তিনি ৪৬ বলে ফিফটি পূর্ণ করেন। তবে ফিফটির পর বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। অপর ওপেনার তানজিদ তামিম দ্রুত ফিরে যান। আসিথা ফার্নান্দোর বলে ড্রাইভ করতে গিয়ে উইকেটকিপারের হাতে ক্যাচ দেন তিনি, ১১ বলে মাত্র ৭ রান করে। তামিম ফেরার পর ইমন ও নাজমুল হোসেন শান্ত দলকে ঘুরে দাঁড়ানোর পথ দেখান। তবে শান্ত ১৯ বলে ১৪ রান করে চারিথ আসালঙ্কার বলে কাউ কর্ণারে ক্যাচ দিয়ে ফেরেন। এরপর মিডল অর্ডারে শামীম হোসেন পাটোয়ারি ভালো শুরু করলেও ইনিংস বড় করতে পারেননি। আসিথা ফার্নান্দোর শর্ট বলে পুল করতে গিয়ে ফাইন লেগে ক্যাচ দেন, ২৩ বলে ২২ রান করে। অধিনায়ক মেহেদী হাসান মিরাজও ব্যাট হাতে ব্যর্থ। প্রথম ম্যাচে ডাক খাওয়ার পর দ্বিতীয় ম্যাচেও মাত্র ১০ বলে ৯ রান করে বাজে শটে আউট হন। তাওহিদ হৃদয় ও জাকের আলীর ৪৫ রানের জুটি কিছুটা আশা জাগালেও জাকের ২৪ রানে ফিরলে ভাঙে এই জুটি। এরপর দ্রুত ১৪ রানের ব্যবধানে ৪ উইকেট হারায় বাংলাদেশ। শেষ দিকে তানজিম হাসান সাকিব ও মুস্তাফিজুর রহমানের ৩০ রানের জুটি দলকে লড়াই করার মতো সংগ্রহ এনে দেয়। সাকিব ২১ বলে ৩৩ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশ এখন বোলিংয়ে নির্ভর করে এই ম্যাচে ফিরতে চাইবে। তবে ব্যাটিংয়ের এই ধস কি টাইগারদের জন্য বড় বাধা হয়ে দাঁড়াবে, সেটাই এখন দেখার বিষয়।