ENG.BD

২০২৬ ফুটবল বিশ্বকাপের ড্র হবে লাস ভেগাসে

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের ড্র অনুষ্ঠান আয়োজিত হবে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে। আগামী ৫ ডিসেম্বর এই বর্ণাঢ্য অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে অত্যাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ ভেন্যু দ্য স্ফিয়ারে। ইএসপিএনসহ একাধিক গণমাধ্যম মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে আয়োজিত এবারের বিশ্বকাপে অংশ নেবে ৪৮টি দল। ড্রয়ের মাধ্যমে এই দলগুলোকে মোট ১২টি গ্রুপে ভাগ করা হবে।

দ্য স্ফিয়ার হলো ২০২৩ সালে উদ্বোধন হওয়া ১৭,৫০০ আসনের একটি অত্যাধুনিক ভেন্যু, যার রয়েছে ৫৪,০০০ বর্গমিটার আয়তনের বিশাল স্ক্রিন। শুরু থেকেই এই ভেন্যুটি ড্র অনুষ্ঠানের জন্য শীর্ষ পছন্দ ছিল।

এর আগে ১৯৯৪ সালের বিশ্বকাপের ড্রও লাস ভেগাসে অনুষ্ঠিত হয়েছিল। তবে সেবার শহরটি ম্যাচ আয়োজনের দায়িত্ব পায়নি। এবারও একই পরিস্থিতি—লাস ভেগাসে টুর্নামেন্টের কোনো ম্যাচ অনুষ্ঠিত হবে না। তবুও বিশ্ব ফুটবলের অন্যতম গুরুত্বপূর্ণ এই ড্র অনুষ্ঠানের আয়োজক হিসেবে নির্বাচিত হয়েছে শহরটি।