আন্তর্জাতিক মানের ক্রিকেটারের সংকটে বিসিবি: শ্রীলঙ্কার বিপক্ষে হারের কারণ ব্যাখ্যা প্রধান নির্বাচকের
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের পর ওয়ানডে সিরিজেও হেরেছে বাংলাদেশ ক্রিকেট দল। টানা দুই সিরিজে হারের ধাক্কা কাটিয়ে এখন টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে টাইগাররা। তবে ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কার কাছে হারের কারণ হিসেবে বেশ কিছু দিক তুলে ধরেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।
বুধবার পাল্লেকেলেতে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে লিপু বলেন, ‘শ্রীলঙ্কার পেসাররা যে ধরনের পারফরম্যান্স দেখিয়েছে, আমাদের পেসাররা সেটি করতে পারেনি। তারা মাঝের দিকে গুরুত্বপূর্ণ ব্রেকথ্রু দিতে ব্যর্থ হয়েছে। এছাড়া শ্রীলঙ্কার ব্যাটাররা তাদের ইনিংসকে গভীরভাবে এগিয়ে নিতে পেরেছে, যেখানে আমরা পিছিয়ে পড়েছি।’ বাংলাদেশের ব্যাটিং লাইনআপে অভিজ্ঞতার অভাবের বিষয়টিও তুলে ধরেন প্রধান নির্বাচক। তিনি বলেন, ‘আমাদের ব্যাটাররা প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেনি। শ্রীলঙ্কার দুই অভিজ্ঞ ব্যাটার কুশল মেন্ডিস ও চারিথ আসালাঙ্কা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। আমাদের দলের অভিজ্ঞ ক্রিকেটাররা চলে যাওয়ার পর একটা শূন্যতা তৈরি হয়েছে। এই শূন্যতা পূরণ করতে কিছুটা সময় লাগবে।’ এছাড়া, আন্তর্জাতিক মানের ক্রিকেটারের সংকটের কথাও উল্লেখ করেন লিপু। তিনি বলেন, ‘আমাদের হাতে আন্তর্জাতিক ক্রিকেট খেলার মতো খেলোয়াড়ের সংকট রয়েছে। বর্তমানে প্রায় ৩০ জন খেলোয়াড়ের ওপরই সবকিছু আবর্তিত হচ্ছে। তবে আমরা আশাবাদী যে, বাংলাদেশ ‘এ’ দল এবং হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিট থেকে নতুন খেলোয়াড়রা উঠে আসবে।’ টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দল কীভাবে ঘুরে দাঁড়াতে পারে, সেটি এখন দেখার বিষয়। তবে প্রধান নির্বাচকের বক্তব্যে স্পষ্ট, দলের সামনে এখন বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে।