ENG.BD

সাবিনা-সুমাইয়ার হ্যাটট্রিক, ঋতুপর্ণার গোল, পারো এফসির বড় জয়

মিয়ানমারে এশিয়ান কাপ বাছাই টুর্নামেন্ট খেলে দেশে ফিরেই ভুটানে ফিরে যান বাংলাদেশের ফুটবলার ঋতুপর্ণা চাকমা ও মনিকা চাকমা। আজ তাদের ক্লাব পারো এফসি ভুটানের গেলেফু স্পোর্টস ক্লাবের বিপক্ষে মাঠে নামে এবং ১২-১ গোলের বিশাল ব্যবধানে জয়লাভ করে।

পারো এফসির হয়ে খেলেন বাংলাদেশের চার ফুটবলার—সাবিনা খাতুন, মনিকা চাকমা, ঋতুপর্ণা চাকমা এবং সুমাইয়া। আজকের ম্যাচে সাবিনা খাতুন দুর্দান্ত পারফরম্যান্সে চারটি গোল করেন। সুমাইয়া করেন হ্যাটট্রিক, যেখানে ঋতুপর্ণা ও মনিকা একটি করে গোল যোগ করেন। বাকি তিনটি গোল আসে ভুটানের স্থানীয় ফুটবলারদের পা থেকে। ম্যাচে দারুণ পারফরম্যান্সের জন্য সুমাইয়া পান ম্যাচ সেরার পুরস্কার। পুরস্কার হাতে নিয়ে তিনি বলেন, “এই পারফরম্যান্সের পুরো কৃতিত্ব আমার টিমমেটদের। এই ট্রফি আমি আমার ক্লাবকে উৎসর্গ করছি। আমি ধারাবাহিকভাবে ভালো খেলার চেষ্টা চালিয়ে যাব।” তবে, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের বৃটিশ কোচ পিটার বাটলার সাবিনা, কৃষ্ণা, মাসুরা, সুমাইয়া ও সানজিদাকে জাতীয় দলে ডাকেন না। অথচ ভুটান লিগে এই ফুটবলাররা নিয়মিত গোল করছেন এবং ম্যাচ সেরার স্বীকৃতি পাচ্ছেন। যদিও ভুটান লিগের মান এবং প্রতিদ্বন্দ্বিতা নিয়ে অনেকের মনে প্রশ্ন রয়েছে।