ENG.BD

মেক্সিকোর রেকর্ড ১০ম কনকাকাফ গোল্ড কাপ জয়, যুক্তরাষ্ট্রকে হারিয়ে টানা দ্বিতীয় শিরোপা

উত্তর আমেরিকার ফুটবল জায়ান্ট মেক্সিকো রেকর্ড ১০ম বারের মতো কনকাকাফ গোল্ড কাপের শিরোপা জিতেছে। রোববার (৬ জুলাই) হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে অনুষ্ঠিত মেগা ফাইনালে যুক্তরাষ্ট্রকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলো মেক্সিকো। এই টুর্নামেন্টে যুক্তরাষ্ট্র ৭ বারের চ্যাম্পিয়ন।

ম্যাচের শুরুতেই এগিয়ে যায় মেক্সিকো। সেবাস্তিয়ান বেরহাল্টারের নিখুঁত ফ্রি-কিক থেকে ডিফেন্ডার ক্রিস রিচার্ডস দুর্দান্ত হেডে গোল করেন। বল ক্রসবারের নিচে লেগে গোললাইন অতিক্রম করলেও প্রথমে রেফারির দ্বিধা থাকলেও পরে গোলটি নিশ্চিত করা হয়।

২৭তম মিনিটে মার্সেল রুইজের পাস থেকে সাবেক ফুলহাম স্ট্রাইকার রাউল হিমেনেজ বাঁ পায়ে দুর্দান্ত শটে সমতা ফেরান। প্রথমার্ধ ১-১ সমতায় শেষ হয়। দ্বিতীয়ার্ধে মেক্সিকো আক্রমণাত্মক ফুটবল খেললেও যুক্তরাষ্ট্রের শক্তিশালী রক্ষণভাগ ভেদ করতে ব্যর্থ হয় তাদের ফরোয়ার্ডরা। তবে ৭৭তম মিনিটে আলেক্সিস ভেগার ফ্রি-কিক থেকে জোহান ভাসকেজের হেড এদসন আলভারেজের কাছে পৌঁছায়। তার হেডে গোল হলেও প্রথমে অফসাইড ধরা হয়। ভিএআর বিশ্লেষণে দেখা যায়, যুক্তরাষ্ট্রের ডিফেন্ডার আলেক্স ফ্রিম্যানের অবস্থানের কারণে আলভারেজ অনসাইড ছিলেন। এই গোলেই মেক্সিকো ২-১ এ লিড নেয়। ম্যাচের শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে মেক্সিকো, ধরে রাখে তাদের চ্যাম্পিয়ন তকমা।
পরবর্তী কনকাকাফ গোল্ড কাপ অনুষ্ঠিত হবে ২০২৭ সালে। এখন পর্যন্ত প্রতিটি আসরে যুক্তরাষ্ট্র একক বা সহ-আয়োজক হিসেবে ভূমিকা পালন করেছে।