ENG.BD

হারারে হোঁচট খেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯, দক্ষিণ আফ্রিকার কাছে ৫ উইকেটে হার

জিম্বাবুয়ের হারারেতে চলমান ত্রিদেশীয় সিরিজে টানা দুই জয়ের পর ছন্দপতনে পড়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সিরিজের তৃতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ৫ উইকেটের হারে পিছিয়ে পড়েছে আজিজুল হাকিমের নেতৃত্বাধীন দলটি। এই হারের ফলে পয়েন্ট টেবিলেও এক ধাপ নেমে দ্বিতীয় স্থানে গেছে বাংলাদেশ।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে বাংলাদেশ। দলীয় ২২ রানের মাথায় ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। এরপর অধিনায়ক আজিজুল হাকিম ও রিজন হোসেন কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও রিজন ৩৮ বলে ১৭ রান করে আউট হয়ে যান। তবে অধিনায়ক আজিজুল হাকিম দায়িত্বশীল ইনিংস খেলে ৮১ বলে ৫৯ রান করেন।

তার বিদায়ের পর দ্রুত ভেঙে পড়ে বাংলাদেশ ইনিংস। শেষ ৬ উইকেট পড়ে মাত্র ৫৮ রানের ব্যবধানে। একপ্রান্ত আগলে রেখে কালাম সিদ্দিকী লড়াই চালিয়ে যান, ৬১ বলে অপরাজিত ৪৯ রানে ইনিংস শেষ করেন। সব মিলিয়ে বাংলাদেশ গুটিয়ে যায় ৪৪.৫ ওভারে ১৭৫ রানে।

জবাবে ১৭৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই বাংলাদেশকে সাফল্য এনে দেন পেসার আল ফাহাদ। তবে এরপর মোহাম্মদ বুলবুলিয়া (৩৯) ও আরমান ম্যানাক (৫৭) মিলে ৫৫ রানের জুটি গড়ে প্রোটিয়াদের জয় পথ সুগম করেন। শেষ দিকে অধিনায়ক জ্যাসন রোলেস ৪৯ বলে ৪১ রান করে দলের জয় নিশ্চিতের কাজ সহজ করেন। তাকে ফিরিয়ে দেন আল ফাহাদ। শেষ পর্যন্ত ভিহান প্রিটোরিয়াস ২২ বলে অপরাজিত ২১ রানে দলকে জয় এনে দেন ৩৬.৫ ওভারে।

এই হারের ফলে আজিজুল হাকিমদের সামনে এখন ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। আগামীকাল তাদের প্রতিপক্ষ স্বাগতিক জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দল।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ – ১৭৫/১০ (৪৪.৫ ওভার)
আজিজুল হাকিম ৫৯, কালাম সিদ্দিকী ৪৯*, রিজন হোসেন ১৭
রোলেস ৩/৩৫, মাজোলা ২/৩১

দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ – ১৭৬/৫ (৩৬.৫ ওভার)
ম্যানাক ৫৭, রোলেস ৪১, বুলবুলিয়া ৩৯
আল ফাহাদ ৩/২৯, দেবা ১/১৮

ফল: দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল ৫ উইকেটে জয়ী।