ENG.BD

ক্লাব বিশ্বকাপ সেমিফাইনালে উঠল পিএসজি, রিয়াল মাদ্রিদ, চেলসি ও ফ্লুমিনেন্স

ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের লড়াই শেষে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে পিএসজি, রিয়াল মাদ্রিদ, চেলসি এবং ব্রাজিলের ফ্লুমিনেন্স। ৩২ দল নিয়ে শুরু হওয়া এই টুর্নামেন্ট এখন এসে ঠেকেছে শেষ চারের লড়াইয়ে। এই চার দলের মধ্যে যেকোনো একটি দল উঠবে ক্লাব বিশ্বকাপের শিরোপা হাতে।

সেমিফাইনালের প্রথম ম্যাচে আগামী মঙ্গলবার রাতে মুখোমুখি হবে ব্রাজিলের ফ্লুমিনেন্স এবং ইংলিশ ক্লাব চেলসি। অন্য ম্যাচে লড়বে রিয়াল মাদ্রিদ ও পিএসজি।

ব্রাজিলের চারটি ক্লাব এবারের টুর্নামেন্টে অংশ নিয়েছিল। গ্রুপ পর্বে দুর্দান্ত পারফরম্যান্সে চারটি দলই উঠেছিল শেষ ষোলোয়। এরপর ফ্লুমিনেন্স এবং পালমেইরাস কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিলেও পালমেইরাস সেখানেই থেমে যায়। বর্তমানে ব্রাজিলের একমাত্র প্রতিনিধি হিসেবে টিকে আছে ফ্লুমিনেন্স। অন্যদিকে, ইউরোপীয় দলগুলো শুরুতে কিছুটা পিছিয়ে থাকলেও শেষ ষোলো থেকে নিজেদের জাত চিনিয়েছে। এখন সেমিফাইনালে চার দলের মধ্যে তিনটিই ইউরোপের। ফ্লুমিনেন্স শেষ ষোলোয় ইন্টার মিলানকে ২–০ গোলে হারিয়ে চমক দেখিয়েছিল। এবার চেলসির বিপক্ষে তারা কি আরেকটি চমক উপহার দিতে পারবে, সেটাই এখন দেখার বিষয়।
ফাইনালে অল–ইউরোপিয়ান লড়াই হওয়ার সম্ভাবনা থাকলেও ফ্লুমিনেন্স যদি চেলসিকে হারাতে পারে, তবে ইউরোপ–দক্ষিণ আমেরিকা ফাইনালের সুযোগ তৈরি হবে। ক্লাব বিশ্বকাপের শিরোপা কার হাতে উঠবে, তা জানতে অপেক্ষা করতে হবে আর কয়েক দিন।