ENG.BD

লর্ডসে রোমাঞ্চকর লড়াইয়ে ভারতের হৃদয়ভাঙা হার

লর্ডসের ঐতিহাসিক মাঠে ইংল্যান্ডের বিপক্ষে রোমাঞ্চকর টেস্ট ম্যাচে ২২ রানের ব্যবধানে হেরেছে ভারত। শেষ দিনে জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিল ১৩৫ রান, আর ইংল্যান্ডের লক্ষ্য ছিল ৬ উইকেট। লর্ডসের উইকেটে এমন সমীকরণে ড্রয়ের সম্ভাবনা ছিল নগণ্য। ফলাফলও তাই, ৩০ ওভার বাকি থাকতেই অলআউট হয়ে ম্যাচ হেরেছে ভারত।

প্রথম ইনিংসে দুই দলই ৩৮৭ রান করে সমতায় ছিল। কিন্তু দ্বিতীয় ইনিংসে ভারতীয় বোলারদের দাপটে ইংল্যান্ড অলআউট হয় মাত্র ১৯২ রানে। ১৯৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত থামে ১৭০ রানে। পঞ্চম দিনে ৪ উইকেটে ৫৮ রান নিয়ে শুরু করে ভারত। সকালের সেশনে ইংল্যান্ডের বোলাররা দ্রুত চাপ সৃষ্টি করে। দিনের তৃতীয় ওভারে জোফরা আর্চার ঋষভ পান্তকে বোল্ড করেন। এরপর লোকেশ রাহুল ৩৯ রান করে লেগ বিফোরের ফাঁদে পড়েন। ওয়াশিংটন সুন্দরও ৪ বল খেলে রানের খাতা না খুলেই ফেরেন। ফলে ৮২ রানে ৭ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে ভারত। এরপর রবীন্দ্র জাদেজা একাই লড়াই চালিয়ে যান। নীতিশ কুমার রেড্ডির সঙ্গে অষ্টম উইকেটে দলকে টেনে তোলার চেষ্টা করেন। কিন্তু নীতিশ ৫৩ বলে ১৩ রান করে আউট হন। জাসপ্রিত বুমরাহও ৫৪ বল খেলে জাদেজাকে সঙ্গ দেন। শেষ উইকেটে মোহাম্মদ সিরাজও লড়েন, কিন্তু ৩০ বলে ৪ রান করে শোয়েব বশিরের বলে বোল্ড হন। জাদেজা ১৮১ বলে ৬১ রানে অপরাজিত থাকলেও দলকে জয়ের বন্দরে পৌঁছাতে পারেননি। এই হারে ভারতীয় শিবিরে হতাশা ছড়ালেও জাদেজার একক লড়াই প্রশংসা কুড়িয়েছে। ইংল্যান্ডের দাপুটে বোলিং ও কৌশলের কাছে শেষ পর্যন্ত মাথা নত করতে হয়েছে ভারতকে।