আন্তর্জাতিক বাঘ দিবসে কলাবাগানে ঢাকায় জমকালো উৎসব
আন্তর্জাতিক বাঘ দিবস উপলক্ষে সৃজনশীল পাঠশালা চারুপুথির উদ্যোগে রাজধানীর কলাবাগানে অনুষ্ঠিত হলো এক অভিনব উৎসব। মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দিনব্যাপী এই আয়োজনে ছিল শিশুদের চিত্রাঙ্কন, ইনভেন্টরস পাপেটের মনোমুগ্ধকর পাপেট শো এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। এই আয়োজনের প্রধান আকর্ষণ ছিল ৫ হাজার ফিট লম্বা কাগজের রোলে শিশুদের আঁকা সুন্দরবন, বন্যপ্রাণী ও বাঘের ছবি, যার মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া। বছরব্যাপী এই কার্যক্রম ২০২৬ সালের আন্তর্জাতিক বাঘ দিবসে সমাপ্ত হবে।
ঢাকার এই আয়োজনের পর একটি ক্যারাভ্যান ভ্যানের মাধ্যমে এই কাগজের রোল দেশের বিভাগীয় শহরগুলোতে পৌঁছাবে। সেখানে কোমলমতি শিশুরা এই বিশাল চিত্রকর্মে অংশ নেবে। কাজ শেষে এই শিল্পকর্ম গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস-এ জমা দেওয়া হবে, যা বাংলাদেশের সংরক্ষণ প্রচেষ্টার প্রতীক হবে।